“আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২৫” ও “জাতীয় প্রবাসী দিবস-২০২৫” উপলক্ষ্যে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখে জেলা প্রশাসন, বগুড়া-এর সার্বিক তত্ত্বাবধানে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বগুড়া, প্রবাসী কল্যাণ সেন্টার, বগুড়া, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, বগুড়া এবং প্রবাসী কল্যাণ ব্যাংক, বগুড়া-এর যৌথ আয়োজনে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), বগুড়ায় একদিনব্যাপী জব ফেয়ার অনুষ্ঠিত হয়।
উক্ত জব ফেয়ারে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। গাক-এর পক্ষ থেকে আগত চাকরি প্রত্যাশী, প্রশিক্ষণার্থী ও প্রবাসগামীদের জন্য বিদেশে নিরাপদ অভিবাসন, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ, প্রবাসীদের অধিকার ও কল্যাণ বিষয়ক তথ্য প্রদান করা হয়। পাশাপাশি গাক-এর চলমান মাইক্রোফাইন্যান্স, শিক্ষা, নিরাপদ কৃষি, স্বাস্থ্য ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কেও দর্শনার্থীদের অবহিত করা হয়।
জব ফেয়ারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রদানকারী সংস্থা ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং নিরাপদ ও নিয়মিত অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
গ্রাম উন্নয়ন কর্ম (গাক) ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে কর্মসংস্থান ও মানবসম্পদ উন্নয়নে অবদান রাখতে অঙ্গীকারবদ্ধ।







