গাক চক্ষু হাসপাতালের উদ্যোগে মীর শাহে আলম ফাউন্ডেশন এর আয়োজনে ১৩ এপ্রিল ২০২৬ ইং তারিখে শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়া এবং মোকামতলা বালিকা উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ, বগুড়ায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। উক্ত ২টি ক্যাম্পে ফ্রি চক্ষু সেবা প্রদানের পাশাপাশি ছানি রোগী বাছাই করে গাক চক্ষু হাসপাতালে বিনামূল্যে চক্ষু অপারেশন করা হবে। সকাল ১০:৩০ মিনিটে শুরু হওয়া এ ২টি কর্মসূচিতে প্রায় এক হাজার রোগী চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২০০ জন কে ছানি অপারেশন এর জন্য বাছাই করে গাক চক্ষু হাসপাতাল বগুড়ায় নিয়ে আসা হয়, যাদের অপারেশন আগামীকাল সম্পন্ন হবে।
উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মীর শাহে আলম, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। তিনি তার বক্তব্যে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে দরিদ্র ও অসহায় ছানি রোগীদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা, ঔষধ, চশমা ও অপারেশনের জন্য গাক চক্ষু হাসপাতালের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। তিনি বলেন, গ্রাম উন্নয়ন কর্ম (গাক) দীর্ঘদিন ধরে দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গাক সাধারণ মানুষের পাশে থেকে কাজ করছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আরও বক্তব্য রাখেন ডাঃ এইচ.এস.এম রেজাউন্নবী মন্ডল, পরিচালক (মেডিকেল), গাক চক্ষু হাসপাতাল। তিনি তার বক্তব্যে বলেন, ছানি রোগ বর্তমানে অন্ধত্বের অন্যতম প্রধান কারণ কিন্তু সময়মতো সঠিক চিকিৎসা গ্রহণ করলে এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য। তিনি গাক চক্ষু হাসপাতাল দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করার পরামর্শ প্রদান করেন।
উক্ত বিনামূল্যে চক্ষু ক্যাম্পে গাক চক্ষু হাসপাতালের অভিজ্ঞ ও বিশেষজ্ঞগণ ডাঃ রেজাউন্নবী মন্ডল, পরিচালক-মেডিকেল, ডাঃ এ.বি.এম. আরিফুজ্জামান, কনসালটেন্ট, ডাঃ ইফতেখায়রুল ইসলাম জনি, কনসালটেন্ট ও ডাঃ মাহবুব হোসেন, মেডিকেল অফিসার ক্যাম্পে আগত রোগীদের চোখ পরীক্ষা, ছানি রোগী বাছাই ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে গাক’র পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ আরমান হোসেন, উপ-পরিচালক, মোঃ জিয়া উদ্দিন সরদার, সহকারী পরিচালক, গাক চক্ষু হাসপাতালের পক্ষ থেকে ম্যানেজার মোঃ মাহমুদুল হাসান, এ্যাসিসট্যান্ট ম্যানেজার মোঃ মোজাহিদুল ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।











