গাক-এর উদ্যোগে নাগরিকতা কর্মসূচি: জনগণের অংশগ্রহণে “টেকসই উন্নয়ন” শীর্ষক কার্যক্রমের আওতায় ৪র্থ ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে নাগরিকতা কর্মসূচির আওতায় জনগণের অংশগ্রহণে “টেকসই উন্নয়ন” শীর্ষক কার্যক্রমের ৪র্থ ত্রৈমাসিক সভা বগুড়া জেলার গাবতলী, সারিয়াকান্দি, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। সভার মূল লক্ষ্য ছিল নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা এবং স্থানীয় পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করা।

সভা পরিচালনা করেন গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর নাগরিকতা কর্মসূচির মাঠ সমন্বয়কারী মোঃ রাইসুল ইসলাম। সভায় পূর্ববর্তী সিদ্ধান্তসমূহের অগ্রগতি পর্যালোচনা, সামাজিক নিরীক্ষার ফলাফল উপস্থাপন, সেবার মান ও জবাবদিহিতা বৃদ্ধি, নারী, যুব ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়নে সিটিজেন গ্রুপ (সিজি)-এর ভূমিকা শক্তিশালীকরণ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি (SSNPs) সম্পর্কে তথ্য বিনিময় করা হয়। এছাড়াও বন্যা ও নদীভাঙন মোকাবেলায় আগাম সতর্কতা ও সমন্বয় বৃদ্ধির বিষয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।

শিবগঞ্জ উপজেলার সিটিজেন গ্রুপ (সিজি) সদস্য ও কমিউনিটি ভলেন্টিয়াররা (CVs) গত তিন মাসের বিভিন্ন ইতিবাচক কার্যক্রম তুলে ধরেন। তারা জানান, এ সময় এলাকায় কোনো বাল্যবিবাহ সংঘটিত হয়নি, যা একটি উল্লেখযোগ্য অর্জন। পাশাপাশি হাম টিকা বিষয়ে সচেতনতা বৃদ্ধি, রাস্তা সংস্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে।

গাবতলী উপজেলায় সিটিজেন গ্রুপের উদ্যোগে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। নিম্নমানের উপকরণ দিয়ে রাস্তা নির্মাণ বন্ধ করে মানসম্মত কাজ নিশ্চিত করা, মাদকবিরোধী উদ্যোগ গ্রহণ, বর্ষাকালে পানি নিষ্কাশনে সহায়তা এবং দরিদ্র কৃষকদের কৃষি উপকরণ সহায়তা প্রদানের বিষয়গুলো সভায় তুলে ধরা হয়। এছাড়া লিঙ্গভিত্তিক সহিংসতা, কিশোর অপরাধ ও মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রমও পরিচালিত হয়েছে।

শাজাহানপুর উপজেলার প্রতিনিধিরা ভূমি অফিসে হয়রানি, হাটবাজারে অতিরিক্ত খাজনা আদায় এবং পশু চিকিৎসা ও পশুখাদ্যের মানোন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়গুলো সভায় উপস্থাপন করেন।

সারিয়াকান্দি উপজেলার সিটিজেন গ্রুপ সদস্যরা মাদক, কিশোর গ্যাং, স্বাস্থ্যসেবা, বন্যা ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন। তারা জানান, বন্যা ও নদীভাঙনপ্রবণ এলাকায় আগাম সতর্কতা, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা এবং সরকারি সহায়তা বিতরণ আরও কার্যকর করার প্রয়োজন রয়েছে।

এখানে উল্লেখ্য যে, Embassy of Switzerland in Bangladesh, Canada’s Foreign Policy—Global Affairs Canada, European Union in Bangladesh এর যৌথ সমর্থনে GFA Consulting Group GmbH, Centre for Policy Dialogue (CPD) -এর বাস্তবায়নে এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভায় অংশগ্রহণকারীরা কমিউনিটির সমস্যা চিহ্নিতকরণ, সমাধান অনুসন্ধান এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।