গাক’র উদ্যোগে সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে “টেকসই উন্নয়ন” শীর্ষক কার্যক্রমের আওতায় সিটিজেনস গ্রুপের ৫ম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

“সাম্য ও সমতার বাংলাদেশ: জনগণের অংশগ্রহণে টেকসই উন্নয়ন”—এই লক্ষ্যকে সামনে রেখে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে নাগরিকতা কর্মসূচির আওতায় বগুড়া জেলার গাবতলী, সারিয়াকান্দি, শিবগঞ্জ ও শাহজাহানপুর উপজেলায় সিটিজেনস গ্রুপের ৫ম ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাগুলোতে নাগরিক অংশগ্রহণের বর্তমান অবস্থা, কার্যক্রমের অগ্রগতি, বিদ্যমান প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ উন্নয়ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জানান, স্থানীয় পর্যায়ে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। নাগরিক গোষ্ঠীর সদস্যরা সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি ভাতা, স্বাস্থ্যসেবা ও কৃষিসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছেন।

সভায় সরকারি সেবা প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান বিভিন্ন জটিলতা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সামাজিক নিরীক্ষার ফলাফল বিনিময় সভা থেকে প্রাপ্ত গুরুত্বপূর্ণ বার্তাগুলো তুলে ধরা হয়। এতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়াও MSC (Most Significant Change) গল্প সংগ্রহ ও উপস্থাপনার মাধ্যমে নাগরিক উদ্যোগের ফলে সৃষ্ট ইতিবাচক পরিবর্তনগুলো তুলে ধরার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

বিভিন্ন উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকাসক্তি নিরসন, কিশোর অপরাধ মোকাবিলা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়নে নাগরিক গোষ্ঠীর ইতিবাচক ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের অংশ হিসেবে সিপিডির বৃক্ষরোপণ উদ্যোগের আওতায় বিতরণকৃত নিম, অর্জুন, আম ও মেহগনী চারাগাছ রোপণ, সুরক্ষা, বেড়া প্রদান, নিয়মিত পানি দেওয়া ও পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক সচেতন, দায়িত্বশীল, অংশগ্রহণমূলক ও টেকসই সমাজ।

এখানে উল্লেখ্য যে, Embassy of Switzerland in Bangladesh, Canada’s Foreign Policy—Global Affairs Canada, European Union in Bangladesh এর যৌথ সমর্থনে GFA Consulting Group GmbH, Centre for Policy Dialogue (CPD) -এর বাস্তবায়নে এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর বাস্তবায়নে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।