চট্টগ্রাম ডিভিশনের ঋণকার্যক্রমের মাসিক অগ্রগতি সভা অনুষ্ঠিত

গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর আয়োজনে ক্ষুদ্রঋণ কার্যক্রমের চট্টগ্রাম ডিভিশনের মাসিক অগ্রগতি সভা ১২/০৯/২০২৬ ইং তারিখে কুমিল্লা সদর, কুমিল্লার নির্জন ফুড পার্কে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ডিভিশনের ৬৫টি শাখায় পরিচালিত ঋণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে আয়োজিত সভায় সকল BM, AM ও ZM অংশগ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন মোঃ হুমায়ুন খালেদ, পরিচালক (ঋণ কার্যক্রম)। সভায় উপস্থিত ছিলেন ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপস্টোন ফেলো-এনডিসি, প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, গাক; ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক এবং মোঃ মাসুদুর রহমান, সিসি (ঋণ কার্যক্রম)সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

নির্বাহী পরিচালক মহোদয় তাঁর বক্তব্যে বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত সকল স্টাফকে সকল প্রকার আর্থিক অনিয়ম থেকে মুক্ত থেকে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সকলকে নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং যেকোনো ধরনের আর্থিক অনিয়মের বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

ক্ষুদ্রঋণ কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ ও নিম্নআয়ের মানুষের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত হচ্ছে। সহজ শর্তে ঋণ পাওয়ায় সদস্যরা কৃষি, ক্ষুদ্র ব্যবসা, গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, মৎস্যচাষসহ বিভিন্ন আয়বর্ধক কাজে বিনিয়োগের সুযোগ পাচ্ছেন। এর ফলে আয় ও কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জীবনযাত্রার মানোন্নয়নে ইতিবাচক প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, ঋণ কার্যক্রম সদস্যদের সঞ্চয়ের অভ্যাস ও আর্থিক শৃঙ্খলা বৃদ্ধির পাশাপাশি বিশেষ করে নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সার্বিকভাবে, গাক-এর ঋণ কার্যক্রম সদস্যদের আয় বৃদ্ধি, উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।