গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত সদ্য যোগদানকৃত ফিল্ড অফিসারদের জন্য ৫ দিনব্যাপী প্রি-সার্ভিস “ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ” গত ১৬-২০ আগস্ট ২০২৬ তারিখে প্রশিক্ষণ কক্ষ, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় অনুষ্ঠিত হয়।
উক্ত প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাক-এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. খন্দকার আলমগীর হোসেন, ক্যাপষ্টোন ফেলো-এনডিসি। তিনি সদ্য যোগদানকৃত ফিল্ড অফিসারদের প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সাহসের সঙ্গে কাজ করার জন্য উৎসাহ প্রদান করেন। উল্লেখ্য, প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর (মানব সম্পদ বিভাগ) মোঃ সাহিদুল ইসলাম।
গাক-এর ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ কবীর উদ্দিন-এর সার্বিক তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কোর্সে ক্ষুদ্রঋণ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সেশন পরিচালনা করেন প্রশিক্ষক জনাব মোঃ আব্দুল আলীমসহ প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। প্রশিক্ষণার্থীদের মাঠ পর্যায়ের কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান, ধারণা ও ব্যবহারিক দিকনির্দেশনা প্রদান করা হয়। সুশৃঙ্খল, দক্ষ ও দায়িত্বশীল মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে গাক-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার প্রত্যয়ে প্রশিক্ষণ ও উন্নয়ন বিভাগের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।





