২৩ জুন ২০২৬, “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় বাস্তবায়নাধীন Sustainable Microenterprise and Resilient Transformation (SMART) প্রকল্পের আওতায় মেশিনারি ও যন্ত্রাংশ উপ-প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা, পরিবেশ সচেতনতা বৃদ্ধি বিষয়ক প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর সিনিয়র পরিচালক ড. মোঃ মাহবুব আলমের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউর রহমান, সহকারী পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জিয়াউর রহমান, নির্বাহী পরিচালক, স্বপ্ন এবং সাধারণ সম্পাদক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বগুড়া জেলা শাখা। আরও উপস্থিত ছিলেন উপ-পরিচালক মোহাম্মদ আরমান হোসেন, সহকারী পরিচালক মোঃ জিয়া উদ্দিন সরদার।
আলোচনা সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশ, কৃষি, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন-জীবিকা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে। এই সংকট মোকাবিলায় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে হবে। বর্তমান সময়ের সচেতন পদক্ষেপই আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে।
প্রধান অতিথি মোঃ আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, পরিবেশ সংরক্ষণ এখন আর শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং টেকসই উন্নয়নের পূর্বশর্ত। তিনি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকল স্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথি মোঃ জিয়াউর রহমান বলেন, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ এবং প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহারের কোনো বিকল্প নেই। তিনি পরিবেশ আন্দোলনে তরুণদের আরও বেশি সম্পৃক্ত হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে ড. মোঃ মাহবুব আলম বলেন, বিশ্ব ব্যাংক ও পিকেএসএফ-এর সহযোগিতায় বাস্তবায়িত SMART প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব উদ্যোগ গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের নিয়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারণামূলক কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে গাকের কর্মকর্তা-কর্মচারী, SMART প্রকল্পের উপকারভোগী উদ্যোক্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গৃহীত এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে।







