গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি)-এর আয়োজনে তিনটি ট্রেডের তিন মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত

GUK Institute of Technology Training Closing Ceremony

গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি)-এর উদ্যোগে ASSET–BWCCI Project-এর আওতায় পরিচালিত Graphics Design Level-3, Mobile Phone Servicing Level-2 এবং IT Support Service Level-3—এই তিনটি ট্রেডের তিন মাসব্যাপী (৯০ দিন) প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন হওয়ায় ০৫ জুলাই ২০২৬ তারিখে গাক কনফারেন্স হল রুম, গাক টাওয়ার, বনানী, বগুড়ায় এক সমাপনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাক ইন্সটিটিউট অব টেকনোলজি (জিআইটি)-এর অধ্যক্ষ আব্দুস সালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার আলমগীর হোসেন, নির্বাহী পরিচালক, ক্যাপস্টোন ফেলো-এনডিসি, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ মাহবুব আলম, সিনিয়র পরিচালক, গ্রাম উন্নয়ন কর্ম (গাক)।

প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার আলমগীর হোসেন বলেন, বর্তমান যুগে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণ-তরুণীরা দেশ-বিদেশের কর্মবাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পারবে। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান।

বিশেষ অতিথি ড. মোঃ মাহবুব আলম তাঁর বক্তব্যে বলেন, প্রশিক্ষণের প্রকৃত সফলতা তখনই অর্জিত হবে, যখন প্রশিক্ষণার্থীরা শেখা জ্ঞান ও দক্ষতাকে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করে নিজেদের কর্মজীবনে সফলতা অর্জন করবে। তিনি সকল প্রশিক্ষণার্থীকে নিয়মিত অনুশীলন, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন এবং পেশাগত নৈতিকতা বজায় রাখার পরামর্শ দেন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ আব্দুস সালাম প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করায় প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন, জিআইটি ভবিষ্যতেও যুগোপযোগী ও কর্মমুখী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়াও অনুষ্ঠানে জিআইটি প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ ও গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় প্রশিক্ষণার্থীদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আত্মনির্ভরশীলতা অর্জনে এই প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব তুলে ধরা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কর্তন এবং একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে সমাপনী আয়োজন সম্পন্ন হয়।