১৭ অক্টোবর ২০২৬ তারিখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ও অনুদানের চেক প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, এমপি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বগুড়া জেলা প্রান্ত থেকে অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক, পুলিশ সুপার, বগুড়া, জেলা পরিষদের প্রশাসক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ ও সাধারণ ক্যাটাগরিতে বগুড়া জেলা থেকে অনুদানপ্রাপ্ত যুব সংগঠনের সদস্যবৃন্দ।

সমাজসেবা ও জনকল্যাণ (জ্যেষ্ঠ ও অসহায়/দুঃস্থদের প্রতি আদর্শসেবা) ক্যাটাগরিতে অসাধারণ স্বেচ্ছাসেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ বগুড়া জেলা থেকে জনাব আতিকুল ইসলাম ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন। পাশাপাশি, ২০২৫–২৬ অর্থবছরে যুব কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার জন্য দেশব্যাপী জেলা ও উপজেলা পর্যায়ে নির্বাচিত মোট ৪৩২টি যুব সংগঠনের মধ্যে বগুড়া জেলার ১৫টি যুব সংগঠন নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে বগুড়া জেলার ‘নারী শক্তি যুব উন্নয়ন সংস্থা’-এর সভাপতি মোছাঃ আফছানা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, গাক কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি প্রকল্পের অংশীজন হিসেবে মোছাঃ আফছানা আচারী ফুড এর উদ্যোক্তা হিসেবে ব্যবসায়িকভাবে সুনাম অর্জণ করেন। গাক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বিভিন্ন ট্রেডে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ ও আর্থিক সহযোগিতা প্রদানের মাধ্যমে যুবসমাজকে দক্ষ, আত্মনির্ভরশীল ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। আমরা প্রত্যাশা করি, এ ধরনের স্বীকৃতি ও সহযোগিতা যুবসমাজকে সমাজসেবা, স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ড এবং আত্মকর্মসংস্থানে আরও উৎসাহিত করবে। গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর পক্ষ থেকে সকল উদ্যোক্তা ও যুব সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।



