“Climate Action: জলবায়ু পরিবর্তন—আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় ও পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে ০৯ জুলাই ২০২৬ তারিখে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম আর ইসলাম স্বাধীন, প্রশাসক, বগুড়া সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ খুরশীদ আলম, সিভিল সার্জন, বগুড়া; নিলুফা ইয়াসমিন, পরিচালক (উপসচিব), পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয় এবং মাহথীর বিন মোহাম্মদ, সহকারী পরিচালক, পরিবেশ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়।
দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় বগুড়ার শহীদ খোকন পার্ক থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। পরে শহীদ টিটু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং টেকসই উন্নয়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধি ও সবুজায়ন কর্মসূচিকে আরও বেগবান করতে গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মাঝে ৫০০টি গাছের চারা বিতরণ করা হয়।
বিশ্ব পরিবেশ দিবসের এ আয়োজনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং গ্রাম উন্নয়ন কর্ম (গাক)-এর কর্মকর্তারা অংশগ্রহণ করেন।





